মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী ঐক্য ম্যারাথন’। শুক্রবার সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিনের পাড়ায় এ কর্মসূচির আয়োজন করে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, ইয়াছিনের পাড়া।
‘যে মুখে ডাকে মা, সে মুখে মাদক না’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যারাথনে এলাকার তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শুক্রবার সকালে আমতলী সরকারি স্কুল মাঠ থেকে ম্যারাথনের দৌড় শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে ম্যারাথনটি সম্পন্ন করেন। পুরো আয়োজনজুড়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকার প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করার পাশাপাশি তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আলী হোসাইন, কায়সার মাহমুদ, মোহাম্মদ মহসিন আকরাম, মো: মিনহাজুল ইসলাম, এডভোকেট মোরশেদুল ইসলাম, হাফেজ আহমেদ, মামুনুর রশীদ, আব্দুল মোমেন ও সোহেলুর রহমান।
ম্যারাথনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকদের প্রত্যাশা, ইয়াছিনের পাড়ায় শুরু হওয়া এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পর্যায়ক্রমে বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়বে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।